বিশ্বজিৎ দেব এর শ্রেষ্ঠ কবিতা - একটি প্রাথমিক পাঠ প্রতিক্রিয়া 

ড.অর্পিতা আচার্য

কবি বিশ্বজিৎ দেব সবসময় তার স্বতন্ত্র কাব্যবিন্যাসের জন্য আমার ব্যক্তিগত ভাবে প্রিয় এক কবি । স্রোত প্রকাশনা থেকে তাঁর এবারের কাব্যগ্রন্থ "শ্রেষ্ঠ কবিতা" একাত্তরটি কবিতার সংকলন । উনকোটির ঝর্ণা ও দেবতাদের উদ্দেশ্যে অর্পিত এই বইটির পরতে পরতে রহস্যের ঘনীভূত বাতাসেরা শ্বাস ফেলে , মনের স্থায়ী অন্দরে । উদাসীন এক ডাক রেখে যায় । 
তাঁর উনকোটি কবিতায় - 
"...মাঝে মাঝে 
বন ও বন্যভোজন এসে তোলপাড় করে চলে যায়
সরকারী জিপ , মনে মনে পাথরের মত কষ্ট পায় 
বুড়ো চন্তাই , আর ভেজা বাতাসের কাছে তুলে ধরে
 অভিমান ..."
এই আত্মকথন দাঁড় করায় আমাদের এক প্রশ্ন চিহ্নের সামনে । দেহাতি যুবক কালু কামারের প্রেম হয়ে থাকে পাথর না দেবতা । 
এ বইয়ের প্রত্যেকটি কবিতা শব্দ চয়নে , অর্থবহতায় , কাব্যনির্মানে মগ্ন করে রাখবে পাঠককে । আমার ভালো লাগা কবিতাগুলি - কষ্ট চন্দ্র রিয়াং  চৌধুরী পাড়া  , বন্ধুটির জন্য পংক্তিমালা , নিরিবিলি সেন্ট আইটেমস  (সবগুলি )।প্রিয় লাইন নিরিবিলি সেন্ট আইটেমস  থেকে 
"কান্না ফেঁদে বসে আছে  যইথাং বাজারের যশোদা হালাম 
কথা বলা গীটারের ফাঁকে ফাঁকে বাজাতো পবিত্র লবন ..."
ভূতক্রম কবিতায় - 
"ছড়িয়ে পড়েছে চাষার ত্রিভূমে স্বস্তিকা 
কারা জন্ম নিচ্ছে , দীর্ঘ সুতোর ওদিকে "

ধর্মগোধূলি , জলকষ্টের গ্রাম , ভৈরবের থলি ...এরকম আরো অনেক কবিতার নাম বলা যায় । রাতের কিছু প্রহর কেটেছে কবির কবিতার সঙ্গে যাপনে lপ্রাথমিক মুগ্ধতা পুনর্বার ..হয়তো বারবার পড়ার তৃষ্ণা জাগিয়ে রেখেছে । এ বই কিনে মনে হল সত্যিই কিছু পেলাম ।  সবসময়ের জন্য ।