হিমাদ্রি দেব সমগ্র
সংকলন ও সম্পাদনা:গোবিন্দ ধর
স্রোত প্রকাশনা

মঞ্জিলাগো বল্‌
হিমাদ্রি দেব

রাইতে আইসেন ক্যান্‌ চুপি চুপি আন্ধার পিঞ্জিরায়
পাতলা ঘুমের মধ্যে জাইগা থাকি, সবই যে ঘুমায়
রিজিয়ার মায় কইতো, মঞ্জিলাগো, এতো হাসিস্‌ ক্যান্‌ ?
কার সাথে, এতো কথা ! শব্দে করিস ধ্যান ?

একদিন সে চইল্যা গেল হইলো দেশান্তরী
ওঝায় কয়, ধইরা নিছে আজব দেশের পরী !
মন চইল্লো আগে আগে, বন চইল্লো পিছে
মনের এক বান্ধব ছিল, সে উঠলো গাছে !
চাইতে চাইতে দিন গেল, দিনরে খাইল রাইত
মগজ খাইল, মেজাজ খাইল, করল না আর বাইত ।

খরার গুণে গুঁড়া হইলো প্রজাপতির পাখা
যাইতে যাইতে শেষ হয় না পথ কেবলই আঁকা
বানাইন্যা ঘর শূন্য হইলো নদীতে নাই জল
কোথায় যাইমু কারে কইমু মঞ্জিলা গো বল্‌ !